বিডি ভিউজ বাংলা | অপরাধ
আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের কাছ থেকে ভারতের নাগরিক পরিচয়পত্র আধার কার্ড উদ্ধারের দাবি করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া আধার কার্ডে ডেভিড ইমনের নাম উল্লেখ রয়েছে ‘আজহার খান’ হিসেবে। কার্ডে জন্মতারিখ দেওয়া আছে ১২ মে ১৯৯৮। তবে কার্ডটি আসল নাকি জাল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, ভারতের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI) কর্তৃক ইস্যুকৃত আধার কার্ড দেশটির বাসিন্দাদের জন্য একটি ১২ সংখ্যার বায়োমেট্রিক পরিচয়পত্র, যা বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবায় পরিচয় যাচাইয়ে ব্যবহৃত হয়।
এর আগে, গত ২৯ জুলাই যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমন ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, পাহাড়তলী এলাকায় সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত তথ্য ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে সংশ্লিষ্টদের শনাক্ত করা হয়।
পুলিশের দাবি, ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১৩টি মামলা রয়েছে। এছাড়া চট্টগ্রাম মহানগর, রাউজান ও রাঙ্গুনিয়ার একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার তথ্য তদন্তে পাওয়া গেছে।
গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি ও অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
📌 সূত্র: দৈনিক ইত্তেফাক












