নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা: হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনায় গুরুতর আহত হয়ে একটি চোখ হারানো কিশোর আলিফকে দেখতে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে তিনি হাসপাতালে পৌঁছে আলিফের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চলমান চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানেন।
এর আগে, হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার সময় কিশোর আলিফ গুরুতর আহত হন। চোখে গুরুতর আঘাত পাওয়ার পর তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও আলিফের একটি চোখ রক্ষা করা সম্ভব হয়নি। বর্তমানে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
হামলার ঘটনাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক মহলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এদিকে ঘটনার তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।











