Home জাতীয় দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

0
36
দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
প্রকাশিত: ১ আগস্ট ২০২৬

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, বেসরকারি খাতের প্রতিনিধিরা চট্টগ্রাম বন্দর ও ঢাকা বিমানবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ২৪ ঘণ্টা চালুর প্রস্তাব দেন। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দপ্তরকে সমন্বিতভাবে কাজ করে দেশের প্রতিটি বন্দরে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

তিনি বলেন, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও দ্রুত, সহজ ও গতিশীল হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের সময় ও ব্যয় কমবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা আরও বাড়বে।

বৈঠকে বেসরকারি খাতের বিভিন্ন সমস্যা, বিনিয়োগ পরিবেশ, শিল্পায়ন, ব্যবসা সম্প্রসারণ এবং নীতিগত সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর আওতাধীন এলাকায় আরও বেশি দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং বিদ্যমান জটিলতা দূর করার বিষয়েও মতবিনিময় হয়।

মাহদী আমিন বলেন, সরকার বেসরকারি খাতের বিকাশে ব্যবসাবান্ধব ও বিনিয়োগবান্ধব নীতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। ইতোমধ্যে একটি ব্যবসাবান্ধব বাজেট উপস্থাপন করা হয়েছে এবং সেই নীতিমালার কার্যকর বাস্তবায়নে সরকার কাজ করছে।

তিনি আরও জানান, বৈঠকে উত্থাপিত বিভিন্ন নীতিগত প্রস্তাবের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়ায় ব্যবসায়ী প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেছেন। সরকারের লক্ষ্য ব্যবসা পরিচালনা সহজ করা, বিনিয়োগ বৃদ্ধি করা এবং দেশের মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

— বিডি ভিউজ বাংলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here