নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
রাষ্ট্রীয় দায়িত্ব, সংসদীয় কার্যক্রম এবং একের পর এক সরকারি কর্মসূচির ব্যস্ততা শেষে কুমিল্লার লালমাই উপজেলার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে জাতীয় মন্ত্রিপরিষদের বৈঠক শেষে জাতীয় সংসদ ভবনে উপস্থিত কুমিল্লার লালমাই উপজেলার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখার সুযোগ পাওয়া যেমন তাদের জন্য বিশেষ অভিজ্ঞতা, তেমনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর নেন এবং মনোযোগ দিয়ে অধ্যয়ন করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি দেশ ও জাতির কল্যাণে দক্ষ, সৎ ও যোগ্য নেতৃত্ব হিসেবে নিজেদের প্রস্তুত করার পরামর্শ দেন। একই সঙ্গে শিক্ষকদের ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
জাতীয় সংসদ সচিবালয়ের ভিজিট শাখার উদ্যোগে আয়োজিত শিক্ষা সফরের অংশ হিসেবে কুমিল্লার লালমাই উপজেলার ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১২৭ জন শিক্ষার্থী এবং ৪৩ জন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পান।
সফরকালে তারা সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, এলডি হল, বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবনের বিভিন্ন অংশ, ক্রিসেন্ট লেক, অধিবেশন কক্ষ ও সংসদ গ্রন্থাগার পরিদর্শন করেন। এছাড়া চলমান বাজেট অধিবেশনও সরাসরি উপভোগ করেন তারা।
এর আগে দিনের শুরুতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬-এর অনুষ্ঠানে অংশ নেন। পরে জাতীয় সংসদে ওয়াকফ বিষয়ক প্রথম সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, সংসদ অধিবেশন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতসংশ্লিষ্ট বৈঠক এবং রাতে মন্ত্রিপরিষদের বৈঠকে অংশ নেন।
দিনব্যাপী রাষ্ট্রীয় ব্যস্ততার মধ্যেও শিক্ষার্থীদের জন্য সময় বের করে দেওয়ার ঘটনাটি উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের কাছে উৎসাহব্যঞ্জক হিসেবে বিবেচিত হয়েছে।









