আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, দুই দেশের মধ্যে সম্ভাব্য একটি চুক্তি আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই হতে পারে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ইরানের সঙ্গে আলোচনা খুব ভালোভাবে এগিয়ে চলছে। আমরা বিষয়টি জানতে পারব। ৪৮ ঘণ্টার মধ্যেই জানা যাবে।”
তবে সম্ভাব্য চুক্তির বিষয়বস্তু বা শর্ত সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।
ইরান-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এ মন্তব্য আসে। বিশেষ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনার খবরের প্রেক্ষাপটে এই বক্তব্য দেন তিনি।
এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সতর্ক করে বলেন, আলোচনা ব্যর্থ হলে এবং হরমুজ প্রণালি বন্ধ থাকলে ইরানকে ‘কঠিন আঘাত’ করা হবে।
তিনি বলেন, “ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাবে না। তারা এখনো তা করতে পারেনি। তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হবে।”
হরমুজ প্রণালি প্রসঙ্গে ট্রাম্প বলেন, “প্রণালিটি খুব শিগগিরই খুলে দেওয়া হবে। অথবা তাদের খুব কঠিন আঘাত করা হবে, এরপর প্রণালি খুলে যাবে।”
তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক হামলার প্রস্তুতি নিয়েছিল। সেই সময় ইরান আলোচনার আগ্রহ প্রকাশ করে বলে মন্তব্য করেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, “আমরা যা করছি, তা না করলে তারা আলোচনায় আসত না। আমরা তাদের খুব, খুব কঠিন আঘাত করেছি। তবে বড় আঘাত এখনো বাকি আছে। আশা করি, সেটি ব্যবহার করতে হবে না।”
তিনি আরও বলেন, ইরান যদি আবারও আলোচনা থেকে সরে যায়, তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
ইরান বা যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ট্রাম্পের সর্বশেষ মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।












