নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আওয়ামী লীগের ভূমিকা তদন্ত করছে। তদন্ত শেষে রাজনৈতিক দল হিসেবেও আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা হবে বলে তিনি জানান।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একার অর্জন নয়; এটি দেশের কোটি মানুষের সম্মিলিত সংগ্রামের ফল। তাই জুলাইকে দলীয়করণের পরিবর্তে এর আদর্শ ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে, যাতে ব্যক্তি ছাড়াও কোনো সংগঠনের বিচার করা সম্ভব হয়। তদন্ত শেষে আদালতই আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত দেবেন। তিনি আরও বলেন, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে তিনি নন; বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এ বিষয়ে সিদ্ধান্ত হওয়া উচিত।
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদের অঙ্গীকার বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সংবিধান সংশোধনের মাধ্যমে গণআকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ আরও সুদৃঢ় করা হবে। এ লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নিয়ে প্রয়োজনীয় সংস্কার আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, জোরপূর্বক গুম প্রতিরোধ ও প্রতিকার আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। খসড়া আইন জনমতের জন্য প্রকাশ করা হয়েছে এবং শিগগিরই তা সংসদে উপস্থাপন করা হবে।
মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল ৩৬ দিনের ঘটনা নয়; ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ আন্দোলন, গুম, খুন, হামলা-মামলা ও নির্যাতনের ধারাবাহিকতার চূড়ান্ত পরিণতি ছিল এই গণঅভ্যুত্থান।
তিনি আরও বলেন, জুলাইয়ের কৃতিত্ব নিয়ে প্রতিযোগিতা নয়, বরং এর আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রতিযোগিতা হওয়া উচিত। ভবিষ্যতে কোনো সরকার যাতে ফ্যাসিবাদী আচরণ করতে না পারে, সে জন্য গণতন্ত্র, ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জুলাই বিপ্লবে আহত ও কর্মক্ষমতা হারানো ব্যক্তিদের পৃথক শ্রেণিবিন্যাসের মাধ্যমে পুনর্বাসনের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।












