আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ফয়সাল নিয়াজ তিরমিজি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পর্দার আড়ালে পরোক্ষ যোগাযোগ বজায় রাখতে পাকিস্তানের মধ্যস্থতা অব্যাহত রয়েছে।
বুধবার (৫ আগস্ট) রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস (TASS)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তান কূটনীতিতে বিশ্বাস করে এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সব অংশীদারের সঙ্গে কাজ করতে চায়।
তিরমিজি বলেন, “পাকিস্তান কূটনীতিতে বিশ্বাস করে। আমরা যা বলি, বাস্তবেও তা-ই করি। এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় যুক্ত সকল আঞ্চলিক অংশীদারের সঙ্গে আমরা কাজ করতে চাই।”
সংঘাত নিরসনে আঞ্চলিক শক্তিগুলোর সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “যাদের সরাসরি স্বার্থ জড়িত বা যারা এই অঞ্চলের অংশ, তাদের সম্পৃক্ত থাকা অত্যন্ত জরুরি। পাকিস্তান সবসময় আলোচনার মাধ্যমে সংঘাত সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে।”
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা প্রশমনে পাকিস্তান অন্যতম মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। দেশটির মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হয় এবং জুন মাসে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়।
তবে উভয় সমঝোতাই শুরু থেকেই নাজুক অবস্থায় ছিল। জুলাই মাসে আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘাত তীব্র আকার ধারণ করে।
সূত্র: আল আরাবিয়া












