নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে সরকারি তোলারাম কলেজ মোড় এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। আহতদের মধ্যে ছাত্রদলের কর্মী তুহিন, জাকারিয়া, অলক, তোফায়েল, আলামিন, তানজিম ও রাসেল এবং ইসলামী ছাত্রশিবিরের মহানগর সভাপতি অমিত হাসান, অফিস সম্পাদক রায়হান, তোলারাম কলেজ শাখার সভাপতি এমদাদুল হক শুভ, সাধারণ সম্পাদক তামিম ইকবাল, অর্থ সম্পাদক জুহাজ ও বন্দর থানা শাখার সভাপতি আসাদুল ইসলাম রয়েছেন বলে জানা গেছে।
সংঘর্ষের ঘটনায় কলেজ রোড ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান এবং কিছু সময়ের জন্য যান চলাচলও বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী, সাধারণ শিক্ষার্থী ও পুলিশ সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে সরকারি তোলারাম কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভা চলছিল। সেখানে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তব্যকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা পরে কলেজ রোড ও চাষাঢ়া এলাকায় সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে লাঠিসোঁটা, বাঁশ ও লোহার পাইপ দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীব অভিযোগ করেন, ছাত্রশিবির পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে এবং দেশীয় অস্ত্র ব্যবহার করেছে।
অন্যদিকে, ছাত্রশিবির মহানগর শাখার সভাপতি অমিত হাসান অভিযোগ করেন, প্রথমে তাদের কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে মারধর করা হয়। পরে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালান।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান বলেন, আলোচনা সভার বক্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেনি।












