জাতীয় নিউজ ডেস্ক।বিডি ভিউজ বাংলা
আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর মহেশখালীর এলএনজি (LNG) টার্মিনাল আবার চালু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোররাত থেকে জাতীয় গ্রিডে ধাপে ধাপে গ্যাস সরবরাহ শুরু হওয়ায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস পরিস্থিতির উন্নতি দেখা যাচ্ছে।
পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (উৎপাদন ও বিপণন) প্রকৌশলী মো. শহীদুল হক জানান, ক্ষতিগ্রস্ত টার্মিনালের মেরামত কাজ শেষ হয়েছে এবং বর্তমানে এটি পর্যবেক্ষণ (Observation Mode) অবস্থায় পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, আগে থেকেই চালু থাকা টার্মিনাল থেকে প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট এবং নতুন করে চালু হওয়া টার্মিনাল থেকে প্রায় ২৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। কারিগরি পর্যবেক্ষণ শেষে সরবরাহ আরও বাড়ানো হবে এবং সবকিছু স্বাভাবিক থাকলে খুব শিগগিরই পূর্ণ সক্ষমতায় পরিচালিত হবে টার্মিনালটি।
গ্যাস সরবরাহ বাড়তে শুরু করায় চট্টগ্রামের সিএনজি স্টেশনগুলোতেও স্বস্তি ফিরতে শুরু করেছে। মুরাদপুর এলাকার একটি সিএনজি স্টেশনের ব্যবস্থাপক জানান, গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে ফিরে আসায় গাড়ির দীর্ঘ লাইন অনেকটাই কমে গেছে।
আবাসিক গ্রাহকরাও গ্যাসের চাপ বাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। অনেকেই জানিয়েছেন, সকালে স্বাভাবিকভাবে রান্নার কাজ সম্পন্ন করতে পেরেছেন।
উল্লেখ্য, গত ২১ জুলাই মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর প্রায় দুই সপ্তাহ গ্যাস সরবরাহ বন্ধ ছিল। এর ফলে শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন, সিএনজি স্টেশন এবং আবাসিক গ্রাহকরা তীব্র গ্যাস সংকটে পড়েন।
সংশ্লিষ্টরা আশা করছেন, টার্মিনালটি পুনরায় চালু হওয়ায় দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে।
সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (TBS)












