সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনায় বড় পরিবর্তন আনছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৫ আগস্টের মধ্যে ব্যাংকটির অধীনে থাকা বাকি চারটি ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ করা প্রশাসকদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর মাধ্যমে নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) নেতৃত্বে নিয়মিত ব্যবস্থাপনা কাঠামোর অধীনে পুরো কার্যক্রম পরিচালিত হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া প্রশাসকদের মূল দায়িত্ব ছিল পাঁচটি ব্যাংকের ঋণ, আমানত ও তথ্যপ্রযুক্তি ব্যবস্থা একীভূত করার কাজ সমন্বয় করা। এখন নতুন ব্যবস্থাপনা দায়িত্ব নেওয়ায় প্রশাসকদের আর প্রয়োজন নেই।
এর আগে ৩০ জুলাই এক্সিম ব্যাংক থেকে প্রথম প্রশাসক প্রত্যাহার করা হয়। এরপর পর্যায়ক্রমে সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক থেকেও প্রশাসকদের সরিয়ে নেওয়া হবে।
তবে পাঁচটি ব্যাংকের প্রযুক্তিগত একীভূতকরণের কাজ এখনো চলমান রয়েছে। মূল ব্যাংকিং সফটওয়্যার, তথ্যপ্রযুক্তি ব্যবস্থা ও আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থার সংযুক্তি শেষ হলে পুরো ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে পরিচালিত হবে।
সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শাইরুল হাসান বলেন, একীভূতকরণ ও প্রশাসনিক পরিবর্তন একটি কঠিন প্রক্রিয়া হলেও দেশের আর্থিক স্থিতিশীলতার জন্য এটি সফল করা জরুরি।
উল্লেখ্য, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে গঠন করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। নতুন ব্যাংকটি ৩৫ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে।
সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড












