বিডি ভিউজ বাংলা ডেস্ক: ঝালকাঠি-১ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল নিজ জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আর্থিক সমঝোতা এবং টাকার বিনিময়ে দলে অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলেছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ করেন এবং সংশ্লিষ্ট নেতাকর্মীদের কঠোর ভাষায় সতর্ক করেন।
ফেসবুক পোস্টে রফিকুল ইসলাম জামাল লেখেন, “ঝালকাঠির বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধ করার জন্য অনুরোধ করছি। ছয় মাসে অনেক খেয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের পাহারার বিনিময়ে খেয়েছেন, তাদের পক্ষে ওকালতি করে খেয়েছেন, বাড়িঘর ও ঠিকাদারি পাহারা দিয়ে খেয়েছেন। শেষ পর্যন্ত টাকার বিনিময়ে আওয়ামী লীগের লোকজনকে দলে যোগদান করিয়েও খাচ্ছেন। মনে হয় দলটাই খেয়ে ফেলবেন।”
তিনি অভিযোগ করেন, ব্যক্তিগত লাভের জন্য দলের আদর্শ বিসর্জন দেওয়া হচ্ছে এবং টাকার বিনিময়ে আওয়ামী লীগের লোকজনকে বিএনপিতে অন্তর্ভুক্ত করার মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রসঙ্গ উল্লেখ করে তিনি আরও লেখেন, “যাদের রক্তের বিনিময়ে আপনাদের এত সুযোগ হয়েছে, সেই শহীদদের জন্য ৫ আগস্ট একবারও দোয়া-মোনাজাত করতে পারেননি। শুধু নেতা হওয়ার জন্য পদ চাইলে খুব দ্রুতই দল থেকে ঝরে পড়বেন।”
রফিকুল ইসলাম জামালের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। তবে তার উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত নেতাকর্মীদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।












