বিডি ভিউজ বাংলা ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রাম নগরীর চশমা হিল এলাকার বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের তথ্যমতে, ৬ থেকে ৭ জনের একটি দল বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ একটি বস্তু নিক্ষেপ করে। এতে আগুনের সূত্রপাত হলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাসভবনের ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজে রাত ২টার দিকে সাতজন তরুণ-যুবককে ওই বাড়ির সামনে দেখা গেছে। তারা আগুন ধরানোর চেষ্টা করলে বাসার সামনের একটি পাইপলাইনে আগুন লাগে। পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, এর আগের দিন ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলনে মহিবুল হাসান চৌধুরী নওফেল অংশ নিয়েছিলেন। এরপরের দিন তার বাসভবনে অগ্নিসংযোগের এই ঘটনা ঘটায় স্থানীয়দের কেউ কেউ দুটি ঘটনার মধ্যে সম্ভাব্য যোগসূত্রের বিষয়টি নিয়ে আলোচনা করছেন। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)












