Home অর্থনীতি বাংলা কিউআর লেনদেনে আন্তঃপ্রতিষ্ঠান ফি শূন্য, ২ হাজার টাকা পর্যন্ত মিলবে প্রণোদনা

বাংলা কিউআর লেনদেনে আন্তঃপ্রতিষ্ঠান ফি শূন্য, ২ হাজার টাকা পর্যন্ত মিলবে প্রণোদনা

0
21
বাংলা কিউআর লেনদেনে আন্তঃপ্রতিষ্ঠান ফি শূন্য, ২ হাজার টাকা পর্যন্ত মিলবে প্রণোদনা

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা

দেশে ডিজিটাল লেনদেন আরও জনপ্রিয় করতে সব ধরনের বাংলা কিউআর (Bangla QR) লেনদেনে আন্তঃপ্রতিষ্ঠান ফি শূন্য করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে গ্রাহক পর্যায়েও কোনো ফি বা সার্ভিস চার্জ দিতে হবে না। একই সঙ্গে ছোট অঙ্কের বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১ অক্টোবর থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর হবে।

সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

২ হাজার টাকা পর্যন্ত লেনদেনে প্রণোদনা

নতুন নির্দেশনা অনুযায়ী, ছোট বিক্রেতা ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাংলা কিউআর লেনদেনে ০.৩ শতাংশ প্রণোদনা দেওয়া হবে।

এর মধ্যে গ্রাহক যে ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের অ্যাপ ব্যবহার করে অর্থ পরিশোধ করবেন, সেই প্রতিষ্ঠান পাবে ০.২ শতাংশ প্রণোদনা

অন্যদিকে, যে ব্যাংক বা পেমেন্ট প্রতিষ্ঠানের সরবরাহ করা বাংলা কিউআর কোডের মাধ্যমে দোকানদার বা সেবাদাতা অর্থ গ্রহণ করবেন, সেই প্রতিষ্ঠান পাবে ০.১ শতাংশ প্রণোদনা

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই প্রণোদনা পাওয়ার উদ্দেশ্যে কোনো লেনদেনকে একাধিক ছোট লেনদেনে ভাগ করা যাবে না। একইভাবে কৃত্রিম কোনো পদ্ধতিতে লেনদেন করেও প্রণোদনা নেওয়া যাবে না।

যেসব লেনদেনে প্রণোদনা মিলবে না

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী, ব্যর্থ, বাতিল, অর্থ ফেরত দেওয়া, চার্জ ফেরত নেওয়া, বিরোধপূর্ণ অথবা পরবর্তী সময়ে বাতিল হওয়া লেনদেনের বিপরীতে কোনো প্রণোদনা দেওয়া হবে না।

প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লেনদেনের রেকর্ড, মার্চেন্ট-সংক্রান্ত তথ্য, নিবন্ধন তথ্য ও অন্যান্য সহায়ক দলিল যাচাই ও পরিদর্শন করতে পারবে বাংলাদেশ ব্যাংক।

এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় তথ্য, উপাত্ত ও দলিল সরবরাহ করতে হবে।

অনিয়ম হলে প্রণোদনার অর্থ ফেরত

কোনো প্রতিষ্ঠানকে অতিরিক্ত, কৃত্রিম বা অন্য কোনো ত্রুটিপূর্ণ লেনদেনের বিপরীতে ভুলভাবে প্রণোদনা দেওয়া হলে বাংলাদেশ ব্যাংক সেই অর্থ ফেরত নিতে পারবে। প্রয়োজনে পরবর্তী প্রণোদনার অর্থের সঙ্গে তা সমন্বয়ও করা হবে।

এ ছাড়া কোনো মার্চেন্টের অস্বাভাবিক সংখ্যক বা অস্বাভাবিক ধরনের লেনদেন দেখা গেলে সংশ্লিষ্ট অ্যাকোয়ারিং প্রতিষ্ঠানকে তা যথাযথভাবে পর্যবেক্ষণ, যাচাই ও পর্যালোচনা করতে হবে।

কৃত্রিমভাবে লেনদেন বিভাজন, ক্যাশ আউট কিংবা অন্য কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলা কিউআর বাধ্যতামূলক

এর আগে গত ১ জুলাই থেকে সব ব্যাংক ও এমএফএসের কোডভিত্তিক লেনদেন বাংলা কিউআরে প্রতিস্থাপন বাধ্যতামূলক করা হয়।

বাংলাদেশ ব্যাংক ২০২৩ সালে আন্তঃব্যাংক কোডভিত্তিক লেনদেন নিষ্পত্তির জন্য বাংলা কিউআর ব্যবস্থা চালু করেছিল। এবার আন্তঃপ্রতিষ্ঠান ফি শূন্য এবং ছোট লেনদেনে প্রণোদনা দেওয়ার মাধ্যমে দেশে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here