জাতীয় নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা
📌 প্রকাশ: ১১ আগস্ট ২০২৬
📌 আপডেট: ১১ আগস্ট ২০২৬
বগুড়ায় এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলে ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮টি দাখিল মাদরাসা এবং একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।
সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়। এমন ফলাফলের কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
শূন্য পাসের তালিকায় যেসব প্রতিষ্ঠান
বগুড়া জেলা শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানগুলো হলো—
- গাবতলী: কামারচট্ট বাঠাতন নেছা আলিম মাদরাসা
- শিবগঞ্জ: বালা বত্রিশ দাখিল মাদরাসা, ধাড়িয়া গাংগইট দাখিল মাদরাসা ও দুদাহার রহমানিয়া দাখিল মাদরাসা
- শেরপুর: কল্যাণী বালিকা দাখিল মাদরাসা ও মধ্যভাগ বালিকা দাখিল মাদরাসা
- ধুনট: হাজী কাজেম জোবেদা টেকনিক্যাল বিএম কলেজ ও রাঙ্গামাটি বালিকা দাখিল মাদরাসা
- সোনাতলা: তেকানী চুকাইনগর পিএম দাখিল মাদরাসা
‘এক বা দুটি বিষয়ে ফেল করায় কেউ পাস করতে পারেনি’
গাবতলীর কামারচট্ট বাঠাতন নেছা আলিম মাদরাসার সুপার আব্দুল জলিল বলেন, তার ৫০ বছরের কর্মজীবনে এবারের ব্যাচটি সবচেয়ে দুর্বল। শিক্ষার্থীদের ভালো ফলের জন্য চেষ্টা করা হলেও এক বা দুটি বিষয়ে ফেল করায় কেউ পাস করতে পারেনি বলে জানান তিনি।
শিবগঞ্জের বালা বত্রিশ দাখিল মাদরাসার সুপার জুয়েলুর রহমান জানান, প্রতিষ্ঠানটি নন-এমপিওভুক্ত। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি ও পড়াশোনায় আগ্রহ কম থাকায় ফলাফল খারাপ হয়ে থাকতে পারে।
বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার বলেন, ৯টি প্রতিষ্ঠানের ফল বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে। প্রতিষ্ঠানপ্রধানদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট ইউএনওদের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট রয়েছে কি না বা অন্য কোনো সহযোগিতার প্রয়োজন আছে কি না, সেটিও তদন্ত করা হবে। মূল কারণ চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা












