Home আন্তর্জাতিক ইরানি তিন পাইলটকে জীবিত আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের

ইরানি তিন পাইলটকে জীবিত আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের

0
6
ইরানি তিন পাইলটকে জীবিত আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের

আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬ আগস্ট ২০২৬

ইরানি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর তিন পাইলটকে জীবিত আটক করার ইরানের দাবি প্রত্যাখ্যান করেছে কাতার। দোহার পক্ষ থেকে এ দাবিকে ‘বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করা হয়েছে।

শনিবার কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের উপদেষ্টা মাজেদ আল-আনসারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাতারের অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, কাতার ‘দৃঢ়ভাবে’ ইরানের এই দাবি প্রত্যাখ্যান করছে। আঞ্চলিক উত্তেজনা কমাতে যখন কূটনৈতিক প্রচেষ্টা চলছে, তখন এ ধরনের দাবি ছড়িয়ে পড়ায় বিস্ময় প্রকাশ করেন তিনি।

কাতারের বক্তব্য

আল-আনসারি বলেন, ইরানি পাইলটরা কাতারের আকাশসীমা লঙ্ঘন করার পর এবং আক্রমণকারী বিমানের গতিপথ নিশ্চিত হওয়ার পর কাতারি কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে।

পাইলটদের সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের ভূখণ্ড রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

ঘটনার পর কাতারের অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাইলটদের সন্ধানে অভিযান চালায়। পরে একজন পাইলটের মরদেহ উদ্ধার করা হয়। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী মরদেহ হস্তান্তরের বিষয়ে ইরানের সঙ্গে কাতার সমন্বয় করেছে বলেও জানান আল-আনসারি।

তিনি আরও জানান, গত এপ্রিল মাসে কাতার ইরানকে একটি দল পাঠিয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান সম্পর্কে সরাসরি অবহিত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। তবে তেহরান এখনো সেই আমন্ত্রণে সাড়া দেয়নি।

ইরানের পাল্টা দাবি

এর আগে ইরান দাবি করেছিল, মার্চে কাতারে হামলার সময় দুটি এসইউ-২৪ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর তিন পাইলটকে জীবিত আটক করে কাতারি বাহিনী

ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের নিখোঁজ ব্যক্তিদের সন্ধান কমিটির প্রধান মোহাম্মদ বাঘেরজাদেহ আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) প্রেসিডেন্ট মিরজানা স্পোলিয়ারিচকে দেওয়া এক চিঠিতে এ দাবি করেন।

চিঠিতে তিনি দাবি করেন, ২ মার্চ কাতারের একটি সামরিক ঘাঁটিতে হামলার সময় দুটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর তিন পাইলট জীবিত আটক হন।

ইরানের দাবি অনুযায়ী, মজিদ কাজেমি নিহত হয়েছেন। অন্যদিকে জাভাদ সালেহি, আবদোলমজিদ দাশতিয়ান ও ওমরান বেহরুজিয়ান জীবিত অবস্থায় কাতারি বাহিনীর হাতে আটক হন বলে দাবি করা হয়েছে।

তবে কাতার এই দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। ফলে তিন ইরানি পাইলটের বিষয়ে তেহরান ও দোহার বক্তব্যে স্পষ্ট বিরোধ তৈরি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here