Home সর্বশেষ সংবাদ সন্তানকে বাঁচিয়ে হ্রদে নিখোঁজ বাবা, ১৬ ঘণ্টা পর মিলল মরদেহ

সন্তানকে বাঁচিয়ে হ্রদে নিখোঁজ বাবা, ১৬ ঘণ্টা পর মিলল মরদেহ

0
7
সন্তানকে বাঁচিয়ে হ্রদে নিখোঁজ বাবা, ১৬ ঘণ্টা পর মিলল মরদেহ

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬
আপডেট: ১৭ আগস্ট ২০২৬

রাঙ্গামাটির লংগদুতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় সন্তানকে বাঁচালেও নিজে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে নিখোঁজ হন ফালান মিয়া। নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর সোমবার (১৭ আগস্ট) সকালে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেছেন।

নিহত ফালান মিয়া লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের ছোট মাহিল্যা গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় ফালান মিয়া মাছ ধরার একটি ছোট নৌকায় সার নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তার সঙ্গে ছিল আট-নয় বছরের শিশুপুত্র।

কালাপাকুজ্যা ও গুলশাখালী ইউনিয়নের মধ্যবর্তী চৌদ্দ নম্বর বিল এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

নৌকাডুবির পর নিজের জীবনের ঝুঁকি নিয়ে ছেলেকে আঁকড়ে ধরে পানিতে ভেসে থাকার চেষ্টা করেন ফালান মিয়া। একপর্যায়ে দূর থেকে অন্য একটি নৌকা তাদের দেখতে পায়। তখন নিজের সর্বশেষ শক্তি দিয়ে ছেলেকে ওই নৌকায় তুলে দিতে সক্ষম হন তিনি।

সন্তানকে নিরাপদে তুলে দেওয়ার পরই কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যান ফালান মিয়া। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ১৬ ঘণ্টা পর সোমবার সকালে কাপ্তাই হ্রদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, নিজের জীবন বিপন্ন জেনেও সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য ফালান মিয়ার এই আত্মত্যাগের ঘটনায় এলাকায় গভীর শোক ও আবেগের সৃষ্টি হয়েছে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here