ইন্টারন্যাশনাল নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার
আপডেট: ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার
কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দা প্রধান মিশেল সেনসি-কন্টুগি, তাঁর স্ত্রী স্টেফানি হলিহানসহ মোট সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন মার্কিন নাগরিকও রয়েছেন।
বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ১৩ মিনিটে কেনিয়ার সাম্বুরু কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হেলিকপ্টারটি লইসাবার একটি বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা থেকে এওয়াসো নিয়রো নদীর দিকে পর্যটন ভ্রমণে যাচ্ছিল। দুর্ঘটনার পর মাউন্ট ওলোলোকওয়ের বনাঞ্চনে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।
দুর্ঘটনার কারণ জানা যায়নি
কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ইউরোকপ্টার EC130 B4 হেলিকপ্টারটি পরিচালনা করছিল কেনিয়ার প্রতিষ্ঠান লেডি লরি হেলিকপ্টার্স।
দুর্ঘটনার পর কেনিয়া রেড ক্রসের সদস্যরা উদ্ধার তৎপরতায় অংশ নেন। তবে হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
নিহত ইকুয়েডরের গোয়েন্দা প্রধান
নিহত মিশেল সেনসি-কন্টুগির বয়স ছিল ৪৪ বছর। ২০২৪ সালে তাঁকে ইকুয়েডরের স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স সেন্টারের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
তাঁর মৃত্যুতে ইকুয়েডর সরকারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট গুইলেরমো লাসোও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
নিহত পাঁচ মার্কিন নাগরিকের মধ্যে সাংবাদিক ও ব্যবসায়ী
নিহত পাঁচ মার্কিন নাগরিকের একজন এনবিসিইউনিভার্সালের সাংবাদিক হোসে আলবার্তো সুয়ারেজ বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। প্রতিষ্ঠানটির এক স্মারকলিপিতে তাঁকে ‘গভীরভাবে সম্মানিত নেতা এবং প্রিয় বন্ধু ও সহকর্মী’ হিসেবে স্মরণ করা হয়েছে।
নিহতদের মধ্যে মিয়ামির রেস্তোরাঁ ব্যবসায়ী রজার দুয়ার্তেও রয়েছেন বলে স্থানীয় ও মার্কিন সংবাদমাধ্যমে খবর এসেছে। তাঁর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোক জানিয়েছেন মার্কিন প্রতিনিধি কার্লোস আন্তোনিও জিমেনেজ।
তবে নিহত অপর চার মার্কিন নাগরিকের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
হেলিকপ্টার পরিচালনাকারী প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে দুর্ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
প্রাথমিক প্রতিবেদনে নিহতদের ছয়জন পর্যটক ও একজন পাইলট বলে জানানো হয়েছিল।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে কেনিয়ার নান্ডি কাউন্টিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হন। ২০২৪ সালেও দেশটিতে সামরিক প্রধান জেনারেল ফ্রান্সিস ওমন্ডি ওগোলাসহ ১১ জনকে বহনকারী একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় মাত্র দুজন প্রাণে বেঁচে যান।
সূত্র: বিবিসি, সিবিএস নিউজ












