আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬
ইসরাইল কালান্দিয়া প্রশিক্ষণকেন্দ্র দখলে নিলেও ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-এর প্রধান ক্রিশ্চিয়ান সন্ডার্স।
আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সন্ডার্স বলেন, “আমরা কোথাও যাওয়ার পরিকল্পনা করছি না।”
ইসরাইলি কর্তৃপক্ষ কালান্দিয়া প্রশিক্ষণকেন্দ্রের মালিকানা ও ইউএনআরডব্লিউএর কার্যক্রম সীমিত করার আইনের কথা তুলে ধরলেও সংস্থাটি এসব দাবি প্রত্যাখ্যান করেছে। ইউএনআরডব্লিউএর বক্তব্য, কালান্দিয়া প্রশিক্ষণকেন্দ্র জাতিসংঘের একটি স্থাপনা এবং আন্তর্জাতিক আইনের আওতায় এটি সুরক্ষিত।
সন্ডার্স বলেন, ফিলিস্তিনের রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত জাতিসংঘের সাধারণ পরিষদের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী ফিলিস্তিনি শরণার্থীদের মানবিক ও জনসেবা দিয়ে যাবে ইউএনআরডব্লিউএ।
তিনি আরও জানান, কর্মী ও স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা মূল্যায়ন, কর্মীদের প্রশিক্ষণ এবং ঝুঁকি কমানোর বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ইসরাইলি বাহিনীর জাতিসংঘের স্থাপনায় বলপ্রয়োগের সমালোচনা করে সন্ডার্স বলেন, এসব সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই করা উচিত।
“আমরা কোথাও যাওয়ার পরিকল্পনা করছি না”— ফিলিস্তিনি শরণার্থীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন ইউএনআরডব্লিউএ প্রধান।












