Home অর্থনীতি সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ৭ সেপ্টেম্বর থেকে

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ৭ সেপ্টেম্বর থেকে

0
9
সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ৭ সেপ্টেম্বর থেকে

ন্যাশনাল নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ৩১ আগস্ট ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি হিসাবের গ্রাহকদের আমানতের মূল টাকা ফেরত দেওয়ার কার্যক্রম আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে। প্রাথমিকভাবে গ্রাহকেরা তাদের হিসাবে জমা থাকা সম্পূর্ণ মূল অর্থ এককালীন উত্তোলন বা নগদায়ন করতে পারবেন। তবে এই অর্থের ওপর কোনো মুনাফা দেওয়া হবে না।

এ জন্য আগামীকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে ব্যাংকের শাখাগুলোতে আবেদন গ্রহণ শুরু হবে।

ব্যাংকের প্রধান কার্যালয় থেকে জারি করা এক বিশেষ প্রজ্ঞাপনে এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বিভাগীয় প্রধান, জোনাল প্রধান ও শাখা ব্যবস্থাপকদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় স্বাক্ষর করেছেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও অপারেশনসের প্রধান সমন্বয়ক এ এফ সাব্বির আহমদ

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি গ্রাহকদের স্বাভাবিক ব্যাংকিং লেনদেন পুনরায় চালুর কথা রয়েছে। তবে শাখা ও উপশাখায় নগদ অর্থের চাহিদা, বাংলাদেশ ব্যাংক থেকে নগদ সরবরাহ এবং নিরাপদ ক্যাশ ব্যবস্থাপনাসহ প্রয়োজনীয় প্রস্তুতির জন্য কয়েক দিন সময় লাগবে। এ কারণে ৭ সেপ্টেম্বর থেকে আমানতের মূল টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হবে।

কোন কোন হিসাবে টাকা ফেরত পাবেন

ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং বিভিন্ন মেয়াদি হিসাব—এমটিডিআর ও ডিপিএসসহ—গ্রাহকেরা জমা করা মূল টাকা উত্তোলন করতে পারবেন।

তবে যেসব গ্রাহক হিসাব বন্ধ না করে চালু রাখবেন, তারা চুক্তি অনুযায়ী নির্ধারিত হারে মুনাফা পেতে থাকবেন। ব্যাংকের কার্যক্রম পূর্ণমাত্রায় স্বাভাবিক হলে পরবর্তী সময়ে মুনাফাসহ যেকোনো পরিমাণ অর্থ জমা ও উত্তোলনের সুযোগ দেওয়া হবে।

১ সেপ্টেম্বর ‘বিশেষ দিবস’

গ্রাহকদের হারানো আস্থা ও স্বস্তি ফিরিয়ে আনতে ১ সেপ্টেম্বরকে বিশেষ দিবস হিসেবে পালনের নির্দেশ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

এদিন শাখা ও উপশাখাগুলো সুন্দরভাবে সাজানো, কর্মকর্তাদের নির্ধারিত ও মার্জিত পোশাকে উপস্থিত থাকা এবং গ্রাহকদের ফুল বা উপহার দিয়ে অভ্যর্থনা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া জ্যেষ্ঠ নাগরিক, নারী ও প্রতিবন্ধী গ্রাহকদের অগ্রাধিকার দিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে বলা হয়েছে। শাখাগুলোতে পরিচ্ছন্ন ও ইতিবাচক পরিবেশ বজায় রাখার পাশাপাশি গ্রাহকসেবার মান ও সন্তুষ্টির ওপর গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির কারণে দীর্ঘদিন আমানত ফেরত দিতে না পারা এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়।

ব্যাংকের তথ্য অনুযায়ী, এসব ব্যাংকে প্রায় ৭৬ লাখ আমানতকারীর মোট ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের সঞ্চয়ী হিসাবে রয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা

পাঁচ ব্যাংকের মোট ঋণের পরিমাণ প্রায় ১ লাখ ৯২ হাজার কোটি টাকা। এর মধ্যে প্রায় ৮৬ শতাংশই খেলাপি ঋণ। ব্যাংকগুলোর মূলধন ঘাটতিও রয়েছে দেড় লাখ কোটি টাকার বেশি

সরকারি মালিকানাধীন ব্যাংক হিসেবে গত বছরের নভেম্বরে যাত্রা শুরু করে সম্মিলিত ইসলামী ব্যাংক। ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকার সমপরিমাণ শেয়ার আমানতকারীদের দেওয়ার কথা রয়েছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here