আন্তর্জাতিক নিউজডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৪৯ মিনিট
হরমুজ প্রণালিতে সৌদি আরবের দুটি তেলবাহী সুপারট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ২৪ ঘণ্টার ব্যবধানে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) লক্ষ্যবস্তুতে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টা থেকে এ অভিযান শুরু হয় বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।
ট্রাম্প জানান, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলাসহ মধ্যপ্রাচ্যে আইআরজিসির সাম্প্রতিক সামরিক তৎপরতার জবাব হিসেবেই যুক্তরাষ্ট্র এই পাল্টা অভিযান পরিচালনা করছে।
এর আগে সোমবার গভীর রাতে হরমুজ প্রণালিতে সৌদি আরবের দুটি বিশালাকার তেলবাহী সুপারট্যাংকার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। আক্রান্ত জাহাজ দুটিতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল বলে জানা গেছে।
এর ঠিক আগের দিন রোববার, জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আইআরজিসি। তবে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই প্রতিহত করা সম্ভব হয়।
এক মাস পর ফের সরাসরি সংঘাত
এর আগে গত শনিবার রাতে হরমুজ প্রণালির লারাক দ্বীপে আইআরজিসির একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনায় হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে মার্কিন বাহিনী। ওই হামলার মধ্য দিয়ে এক মাসেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও সরাসরি সামরিক সংঘাত শুরু হয়।
চলমান উত্তেজনার মধ্যেই ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের পরিবর্তে ‘সীমিত মাত্রার’ সামরিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।















