Home আন্তর্জাতিক সৌদির নিরাপত্তায় হামলা হলে কঠোর ব্যবস্থা: মোহাম্মদ বিন সালমান

সৌদির নিরাপত্তায় হামলা হলে কঠোর ব্যবস্থা: মোহাম্মদ বিন সালমান

0
8
সৌদির নিরাপত্তায় হামলা হলে কঠোর ব্যবস্থা: মোহাম্মদ বিন সালমান

সৌদির নিরাপত্তায় হামলা হলে কঠোর ব্যবস্থা: মোহাম্মদ বিন সালমান

আন্তর্জাতিক ডেস্ক | সমসাময়িক

প্রকাশের তারিখ: ১ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:১৩ মিনিট
আপডেটের তারিখ: ১ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:১৩ মিনিট

সৌদি আরবের নিরাপত্তার ওপর যেকোনো হামলা বা হুমকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনা কমানো এবং কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।

বুধবার শুরা কাউন্সিলের নবম অধিবেশনের তৃতীয় বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন মোহাম্মদ বিন সালমান। খবর আরব নিউজের।

তিনি বলেন, উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে সাম্প্রতিক হামলা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করেছে। সৌদি আরব নিরাপত্তার বিষয়ে কোনো আপস না করে একই সঙ্গে উত্তেজনা প্রশমন ও কূটনৈতিক সমাধানের জন্য কাজ করছে। তবে সৌদির নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে কোনো হুমকি বা হামলা হলে রিয়াদ কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।

মোহাম্মদ বিন সালমান জানান, আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং কৌশলগত ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উপসাগরীয় অংশীদারদের সঙ্গে কাজ করছে সৌদি আরব। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’কেও আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিতে যৌথ প্রচেষ্টার অংশ হিসেবে উল্লেখ করেন তিনি।

বিশ্বের জ্বালানি নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সৌদি যুবরাজ। তিনি বলেন, আঞ্চলিক উত্তেজনা সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ অব্যাহত রেখে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তায় ভূমিকা রাখছে সৌদি আরব। পাশাপাশি আন্তর্জাতিক জলপথের নিরাপত্তা নিশ্চিত করতে ‘বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

গাজায় ফিলিস্তিনিদের ওপর হামলার নিন্দা জানিয়ে মোহাম্মদ বিন সালমান স্থায়ী রাজনৈতিক সমাধানে পৌঁছাতে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কার্যকর ভূমিকা কামনা করেন। একই সঙ্গে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সৌদি আরবের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ইয়েমেনে সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং হুথিদের মোকাবিলায় সৌদি সমর্থন অব্যাহত রাখার কথাও জানান তিনি। পাশাপাশি সুদানের ঐক্য, স্থিতিশীলতা ও বৈধ প্রতিষ্ঠানগুলোর সুরক্ষায় রিয়াদের সমর্থন অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।

অর্থনৈতিক অগ্রগতির বিষয়টিও তুলে ধরেন সৌদি যুবরাজ। তিনি জানান, ২০১৬ সালের তুলনায় সৌদি আরবের তেলবহির্ভূত রপ্তানি ১৫৫ শতাংশ বেড়েছে এবং দেশটির অর্থনীতিতে বেসরকারি খাতের অবদান ৫১ শতাংশে পৌঁছেছে।

মোহাম্মদ বিন সালমান ২০২৬ সালকে ‘এআইয়ের বছর’ হিসেবে উল্লেখ করে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিশ্ব নেতৃত্ব অর্জনের লক্ষ্যের কথাও তুলে ধরেন।

সূত্র: আরব নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here