চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা মিজানুর রহমান স্বপন আটক
জাতীয় ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশের তারিখ: ৬ অক্টোবর ২০২৬
আপডেটের তারিখ: ৬ অক্টোবর ২০২৬
চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-২ (এসআরবি-২)।
সোমবার (৫ অক্টোবর) শেরেবাংলা নগর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, চাঁদাবাজির অভিযোগে এসআরবি-২ মিজানুর রহমান স্বপনকে আটক করেছে। পরে তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ ও এসআরবি-সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় স্বপনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এর মধ্যে গার্মেন্টস থেকে চাঁদা আদায়, নিউরোসায়েন্স হাসপাতকেন্দ্রিক অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা, আগারগাঁও নতুন রাস্তা এলাকার ফুটপাত থেকে চাঁদা আদায় এবং শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তিতে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে মিজানুর রহমান স্বপনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
শেরেবাংলা নগর থানা পুলিশ জানিয়েছে, মিজানুর রহমান স্বপন বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক














