সাভারে পোশাকশ্রমিকদের অবরোধ, পুলিশের গাড়িতে আগুন, আহত অন্তত ১০
সাভার: ন্যূনতম মজুরি বৃদ্ধি, কালো তালিকাভুক্তি বন্ধসহ তিন দফা দাবিতে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে আগুন দেন। শ্রমিক-পুলিশ সংঘর্ষে সাংবাদিক ও পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার সকাল ৯টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একই সময়ে তেঁতুলঝোড়া ইউনিয়নের পদ্মার মোড় এলাকাতেও শ্রমিকেরা জড়ো হয়ে সড়কে অবস্থান নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনরত শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ ও বিজিবি সদস্যরা চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
সকাল সাড়ে ১০টার দিকে হেমায়েতপুর-সিংগাইর সড়কে আন্দোলনরত শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে যাওয়া স্টার টেলিভিশনের সাংবাদিক সোহান সিরাজী, ৭১ টিভির সাংবাদিক রায়হান বিন ও ক্যামেরাম্যান উজ্জ্বল হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে।
পরে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে সাংবাদিক ও পুলিশ সদস্যরাও রয়েছেন।
এদিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। পরে কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা সড়কে বেরিয়ে আসেন। তাঁরা বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়।
বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে হেমায়েতপুর ও আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান নূর জানান, শ্রমিকেরা তিন দফা দাবি নিয়ে মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।















