আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সারফেস-টু-সারফেস (ভূখণ্ড থেকে ভূখণ্ডে নিক্ষেপণযোগ্য) ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
সোমবার (১৩ জুলাই) মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আইআরজিসির এই সামরিক অভিযানের তথ্য প্রকাশ করেছে মিডল ইস্ট আই।
আইআরজিসির প্রধান সামরিক কার্যালয়ের এক বিবৃতিতে দাবি করা হয়, তাদের সুনির্দিষ্ট হামলায় ওই মার্কিন ঘাঁটিতে থাকা দুটি অত্যাধুনিক হাইমার্স (HIMARS) ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা আগুনে পুড়ে যায়।
বিবৃতিতে আরও বলা হয়, হামলায় ক্ষেপণাস্ত্র সংরক্ষণের গুদামও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে থাকা সামরিক রসদ ও যুদ্ধাস্ত্র ধ্বংস হয়েছে।
তবে আইআরজিসির এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ (পেন্টাগন) বা কুয়েত কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা আরও বেড়েছে। বিভিন্ন পক্ষের পাল্টাপাল্টি হামলার দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
সূত্র: মিডল ইস্ট আই










