স্টাফ রিপোর্টার | বিডি ভিউজ বাংলা
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, চলমান মৌসুমি বৃষ্টি ও বন্যার কারণে কোনো এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে তাদের জন্য পুনঃপরীক্ষার আয়োজন করতে সরকার প্রস্তুত রয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্ষা মৌসুমজুড়ে দেশের সব পরীক্ষাকেন্দ্র শিক্ষা মন্ত্রণালয়ের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে। কোথাও বন্যার পানি প্রবেশ করলে স্থানীয় প্রশাসনকে দ্রুত পরীক্ষাকেন্দ্র স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, এ পর্যন্ত কুমিল্লা সরকারি কলেজে উল্লেখযোগ্য সমস্যা দেখা দিলেও দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রশাসনিক ত্রুটির কারণে কোনো পরীক্ষার্থী পরীক্ষা দিতে না পারলে সরকার বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজন হলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ইতোমধ্যে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজন হলে একই পদক্ষেপ গ্রহণ করা হবে।










