নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রায় ৩০ মিনিট অবস্থান ও সড়ক অবরোধ কর্মসূচি পালন শেষে সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব এলাকা থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন। তারা সড়ক ছেড়ে যাওয়ার পর সায়েন্সল্যাব মোড়, মিরপুর রোড, এলিফ্যান্ট রোড ও শাহবাগমুখী সড়কে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
লংমার্চ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’সহ বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে তাদের হাতে পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন শেষে একত্রিত হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে মিছিল শুরু করেন। মিছিলের সামনে ও পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
লংমার্চে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানাতে এসেছি। আমাদের তিন দফা দাবি এখনো পূরণ হয়নি। তাই শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে আমাদের দাবি জানাব।”
আরেক শিক্ষার্থী বলেন, “দুর্যোগের মধ্যেও পরীক্ষা নেওয়া হয়েছে। এতে অনেক শিক্ষার্থী ভোগান্তিতে পড়েছে। আমাদের দাবিগুলো যৌক্তিক। সরকার যেন দ্রুত সেগুলো বাস্তবায়ন করে।”
এর আগে সড়ক অবরোধের কারণে সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অবরোধ প্রত্যাহারের পর আটকে থাকা যানবাহন ধীরে ধীরে চলাচল শুরু করে।
শিক্ষার্থীদের তিন দফা দাবি
- দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা।
- ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ নিশ্চিত করা।
- শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।










