বিডি ভিউজ ন্যাশনাল ডেস্ক
চট্টগ্রামের হাটহাজারীতে কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে নুরুল আজিম প্রকাশ আজম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১০ জুলাই) উপজেলার ৮ নম্বর মেখল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম মেখল খলিফাপাড়া এলাকার পাশের একটি জমি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নুরুল আজিম ওই এলাকার মৃত ইসলামের ছেলে। তিনি পেশায় একজন দর্জি (টেইলর) ছিলেন এবং তিন সন্তানের জনক।
স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ নেজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নুরুল আজিম বাড়ির পাশের একটি জমিতে মাছ ধরতে গেলে সেখানে থাকা দুই ব্যক্তির সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় প্রত্যক্ষদর্শীর দাবি, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তাদের ভাষ্য, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং অভিযুক্তদের গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।





