বিডি ভিউজ বাংলা ন্যাশনাল ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায় কার্যকর করা উচিত।
শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বা উদ্যোগ (এমএসএমই) দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন।
নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশে রায় হয়ে গেছে। এখন সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।”
তিনি বলেন, “আজকে একটি সাক্ষাৎকারে (বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত শেখ হাসিনার সাক্ষাৎকার) আমরা দেখেছি, ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনার কথা বলেছেন। দেশ ইতোমধ্যে ১৬ বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। আমরা চাই, তিনি দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য।”
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “তিনি কীভাবে আসবেন, কাদের নিয়ে আসবেন কিংবা আত্মসমর্পণ করবেন কি না—এসব বিষয় শেখ হাসিনা ঠিক করবেন না। এটি নির্ধারণ করবে বাংলাদেশ সরকার। এ বিষয়ে সরকারের দিল্লির সঙ্গে আলোচনা করতে হবে। সরকারই ঠিক করবে তাকে কখন ও কীভাবে দেশে আনা হবে এবং কীভাবে বিচারের রায় কার্যকর করা হবে।”
ফাঁসির রায় কার্যকর করার বিষয়ে তিনি বলেন, “আমি মনে করি, এটি দেশের স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ হবে। সরকারের উচিত দ্রুত রায় কার্যকর করা। অন্য কোনো পরিকল্পনা কারও জন্যই ভালো হবে না।”
মানবতাবিরোধী অপরাধের এক মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের রায় নিয়েও অসন্তোষ প্রকাশ করেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, “হাসানুল হক ইনুর রায় বিচারব্যবস্থা এবং ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করেছে। এ বিষয়ে সরকারেরও কোনো প্রতিক্রিয়া আমরা দেখিনি। সরকার একটি রাজনৈতিক দল হিসেবেও কোনো অবস্থান জানায়নি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী আশিকিন আলম। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা উদ্যোক্তারা অংশ নেন।









