
স্টাফ রিপোর্টার | বিডি ভিউজ বাংলা
টানা ভারি বর্ষণ ও জলাবদ্ধতার কারণে রাজধানীর বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধবার্ষিক, প্রাক-নির্বাচনী ও বার্ষিক পরীক্ষাসহ বিভিন্ন শ্রেণির নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
রোববার (১২ জুলাই) দুপুরে ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা শাহরীন খান রূপা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৈরি আবহাওয়ার কারণে রাজধানীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষা স্থগিত করেছে। কিছু প্রতিষ্ঠান শিক্ষা কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত নিয়েছে। কোথাও সকালের পরীক্ষা অনুষ্ঠিত হলেও দুপুরের পরীক্ষা স্থগিত করা হয়েছে, আবার কিছু প্রতিষ্ঠান দিনের উভয় বেলার পরীক্ষাই বাতিল করেছে।
তিনি আরও বলেন, নবাবগঞ্জ উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানেই রোববারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজধানীর বেশ কয়েকটি নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান পৃথকভাবে পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে।
স্থগিত হওয়া পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে—
- ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ: নবম শ্রেণির অর্ধবার্ষিক, দশম শ্রেণির প্রাক-নির্বাচনী এবং একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা।
- সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ: একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা।
- বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (মগবাজার): রোববারের নির্ধারিত সব পরীক্ষা।
- মিল্লাত হাই স্কুল: প্রাথমিক ও মাধ্যমিক শাখার সব পরীক্ষা।
- শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় (পুরান ঢাকা): প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শাখার সব পরীক্ষা।
- সিদ্ধান্ত হাইস্কুল (মিরপুর): রোববারের নির্ধারিত পরীক্ষা।
- মতিঝিল কলোনি হাইস্কুল: প্রাথমিক ও মাধ্যমিক শাখার পরীক্ষা।
- ফজলুল হক মহিলা কলেজ (গেন্ডারিয়া): একাদশ শ্রেণির পরীক্ষা এবং অনার্স চতুর্থ বর্ষের ইনকোর্স পরীক্ষা।
প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, টানা বৃষ্টি ও সৃষ্ট জলাবদ্ধতার কারণে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের নিরাপত্তার কথা বিবেচনা করেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জানিয়ে দেবে।











