স্টাফ রিপোর্টার | বিডি ভিউজ বাংলা
অনলাইনভিত্তিক ট্রাভেল প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৪ কোটি ৬৯ লাখ টাকার মানিলন্ডারিং মামলার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে বিমান টিকিটের অগ্রিম অর্থ নিয়ে টিকিট সরবরাহ না করার অভিযোগে এ মামলা করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
সাত কর্মকর্তার বিরুদ্ধে মামলা
সিআইডি জানায়, ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ১১ জুলাই রাজধানীর মতিঝিল থানায় প্রতিষ্ঠানটির সাত কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মামলায় প্রায় ৩৪ কোটি ৬৯ লাখ ৩১ হাজার ৯০ টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।
মামলার আসামিরা হলেন—
- সালমান বিন রশিদ শাহ সায়েম
- এম এ রশিদ শাহ সম্রাট
- আমির হামজা রশিদ শাহ নায়েম
- এ কে এম শাহদাত হোসেন
- আব্দুল গণি মেহেদী
- মো. সাকীব হোসেন
- মোতাহের হোসেন
অস্বাভাবিক মূল্যছাড় দেখিয়ে অর্থ সংগ্রহের অভিযোগ
তদন্তে সিআইডি জানতে পেরেছে, ফ্লাইট এক্সপার্ট বিজনেস-টু-বিজনেস (B2B) এবং বিজনেস-টু-কনজিউমার (B2C)—উভয় মডেলে বিমান টিকিট বিক্রি করত।
অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটি বিভিন্ন সময়ে অস্বাভাবিক মূল্যছাড়ের ঘোষণা দিয়ে দেশের বিভিন্ন সাব-এজেন্ট ও সাধারণ গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অগ্রিম অর্থ সংগ্রহ করে।
তবে নির্ধারিত সময়ের মধ্যে টিকিট সরবরাহ না করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এমডির বিরুদ্ধে অভিযোগ
সিআইডির তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রশিদ শাহ সায়েম ২০২৫ সালের ১ আগস্ট দেশ ত্যাগ করেন বলে অভিযোগ রয়েছে।
মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।












