আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে সপ্তম দফায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, আজরাক বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান, সেনাদের আবাসন এবং সামরিক সরঞ্জাম সংরক্ষণের একটি বড় হ্যাঙ্গারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোর বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এ হামলা পরিচালনা করা হয়েছে।
তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানের ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে। এর জবাবে এর আগে ছয় দফা ড্রোন হামলা চালানো হয়েছিল এবং সর্বশেষ হামলাটি ছিল সপ্তম দফা।
ইরান আরও সতর্ক করে বলেছে, ভবিষ্যতে তাদের স্থলভাগ, সমুদ্রসীমা বা আকাশসীমায় যেকোনো ধরনের হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা আবারও ইরানে হামলা চালিয়েছে। সেন্টকমের দাবি, এই অভিযানের লক্ষ্য ছিল হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জন্য ব্যবহৃত ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা।
তবে উভয় পক্ষের দাবির স্বাধীন বা নিরপেক্ষ যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি।












