স্টাফ রিপোর্টার | বিডি ভিউজ বাংলা
শেখ হাসিনা ও ১০টি শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন।
বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
ইখতিয়ারউদ্দিন মো. মামুন বলেন, জব্দ করা সম্পদের মধ্যে দেশে ৫৭ হাজার কোটি টাকা এবং বিদেশে ১৯ হাজার কোটি টাকার সম্পদ রয়েছে।
তিনি বলেন, “দেশ থেকে যে সম্পদ চুরি হয়ে গেছে, তা উদ্ধারের চেষ্টা চলছে। আশা করছি, এ বছরের শেষ নাগাদ সম্পদ উদ্ধারের বিষয়ে সুখবর দিতে পারব।”
বিএফআইইউ প্রধান আরও বলেন, সংস্থাটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক পরিচয় বিবেচনা করে কাজ করে না।
তার ভাষায়, “আমরা দলমতের দিকে তাকাই না। সন্দেহজনক লেনদেন বা কার্যক্রম পাওয়া গেলেই ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়। অন্তর্বর্তী সরকারের কেউ জড়িত থাকলেও সেটিও সামনে আসবে।”
অনুষ্ঠানে তিনি আর্থিক অপরাধ প্রতিরোধে বিএফআইইউর কার্যক্রম এবং অর্থ পাচার রোধে চলমান উদ্যোগের বিভিন্ন দিকও তুলে ধরেন।












