স্টাফ রিপোর্টার | বিডি ভিউজ বাংলা
ভারী বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে সরকার। তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাঁচ জেলায় স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার দিন একই প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নিতে পারবেন।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী জানান, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রের মাধ্যমে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
তিনি বলেন, সাম্প্রতিক ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান—এই পাঁচ জেলায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য জেলারও কিছু পরীক্ষার্থী একই কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি।
শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে শিক্ষামন্ত্রী বলেন, যেসব পরীক্ষার্থী প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে কোনো বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময়ে একই প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
তিনি বলেন, “এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। তাই বিশেষ বিবেচনায় এ সুযোগ দেওয়া হয়েছে।”
পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর
সংসদে শিক্ষামন্ত্রী আরও জানান, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্র প্রণয়নে ভুলের ঘটনায় দায়ী ব্যক্তিদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
তিনি পরীক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে যে ভুল হয়েছে, তার জন্য সব পরীক্ষার্থী পূর্ণ নম্বর পাবেন।












