Home সারাদেশ নরসিংদীতে ডাকাতদের হামলায় নিহত ১, আহত ১; নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের...

নরসিংদীতে ডাকাতদের হামলায় নিহত ১, আহত ১; নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

0
3

ন্যাশনাল ডেস্ক | বিডি ভিউজ বাংলা

নরসিংদীর মাধবদীতে একটি বাড়িতে ডাকাতির সময় বাধা দিতে গিয়ে শাহজাহান ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সুরুজ ভূঁইয়া নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী এলাকায় ব্যবসায়ী মিলন ভূঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান ভূঁইয়া একই এলাকার সামসু ভূঁইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল মিলন ভূঁইয়ার বাড়িতে প্রবেশ করে। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে মিলন তার বড় ভাই শাহজাহান ভূঁইয়াকে ফোনে বিষয়টি জানান। পরে ডাকাতরা বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি শুরু করে।

খবর পেয়ে শাহজাহান ভূঁইয়া ও তাদের চাচা সুরুজ ভূঁইয়া ঘটনাস্থলে গেলে বাড়ির বাইরে অবস্থান নেওয়া ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে শাহজাহান ভূঁইয়া ঘটনাস্থলেই নিহত হন এবং সুরুজ ভূঁইয়া গুরুতর আহত হন।

স্থানীয়দের দাবি, ডাকাতদল প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে বাড়িতে তাণ্ডব চালিয়ে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

ডাকাতরা চলে যাওয়ার পর স্থানীয়রা আহত সুরুজ ভূঁইয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, যেখানে তার চিকিৎসা চলছে।

প্রতিবেশী সোহেল মিয়া জানান, মিলনের ফোন পেয়ে শাহজাহান ও সুরুজ ভূঁইয়া বাড়ির দিকে গেলে বাইরে অবস্থানরত ডাকাতরা তাদের ওপর হামলা চালায়। এরপর ডাকাতরা লুটপাট শেষে পালিয়ে যায়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সূত্র: পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here