Home আন্তর্জাতিক স্থানীয় সরকারে একদলীয় শাসনের পাঁয়তারা করছে বিএনপি: আখতার হোসেন

স্থানীয় সরকারে একদলীয় শাসনের পাঁয়তারা করছে বিএনপি: আখতার হোসেন

0
4
স্থানীয় সরকারে একদলীয় শাসনের পাঁয়তারা করছে বিএনপি: আখতার হোসেন

পঞ্চগড় প্রতিনিধি | বিডি ভিউজ বাংলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেছেন, স্থানীয় সরকার ব্যবস্থায় একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে বিএনপি। তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের কথা বললেও স্থানীয় সরকারে দলীয় প্রতিনিধি বসানোর মাধ্যমে বিএনপি ভিন্ন পথে হাঁটছে।

রোববার সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ঐতিহাসিক তেঁতুলতলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, “দুর্ভাগ্য লাগে যে বিএনপি বহুদলীয় গণতন্ত্রের ক্রেডিট নিতে চায়; কিন্তু স্থানীয় সরকারে দলীয় প্রতিনিধি বসানোর মধ্য দিয়ে তারা বহুদলীয় গণতন্ত্র থেকে সরে গিয়ে একদলীয় শাসনের দিকে ঝুঁকে পড়েছে।”

তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন জেলা পরিষদ, সিটি করপোরেশন এবং ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদধারীদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, “আমরা তাদের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাই, এই বাংলাদেশটাকে সবার হতে দেন, এই বাংলাদেশটাকে জনগণের হতে দেন। এই বাংলাদেশকে আর আগের নিয়মে চালানো যাবে না। আবু সাঈদরা যে লক্ষ্য নিয়ে জীবন দিয়েছিলেন, সেই লক্ষ্য অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে।”

রাষ্ট্র সংস্কারের দাবি

গণ-অভ্যুত্থান প্রসঙ্গে আখতার হোসেন বলেন, আন্দোলনের দুটি প্রধান লক্ষ্য ছিল—বাংলাদেশকে শেখ হাসিনামুক্ত করা এবং বিদ্যমান শাসনকাঠামোর পরিবর্তন করা।

তার ভাষায়, “আমরা বাংলাদেশকে আওয়ামী লীগমুক্ত করতে পেরেছি। কিন্তু যে নিয়মকানুনের মাধ্যমে শেখ হাসিনা দেশ পরিচালনা করতেন, সেই কাঠামো এখনো বহাল রয়েছে।”

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, এনসিপি কেবল সংবিধানের আংশিক সংশোধন নয়, বরং আমূল পরিবর্তন চায়।

তিনি বলেন, “আমরা কুসুম কুসুম সংশোধনী চাই না। আমরা বিপ্লবী সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের পরিবর্তন চাই। সংবিধানে ফ্যাসিবাদের যত বীজ রয়েছে, সেগুলো উৎপাটন করে গণমানুষের সংবিধান প্রতিষ্ঠা করতে চাই।”

পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির তেঁতুলিয়া উপজেলা আহ্বায়ক হাবিবুর রহমান। এতে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ

সূত্র: প্রথম আলো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here