নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
ঢাকার সাভারের আশুলিয়ায় মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গঠনের প্রত্যয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার , জুলাই ১৯.২০২৬, দুপুর ১টার দিকে মাদকবিরোধী সাধারণ সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ র্যালি আশুলিয়ার জামগড়া চৌরাস্তা থেকে শুরু হয়ে ঢাকা আশুলিয়া সড়ক প্রদক্ষিণ করে সরকার মার্কেটে গিয়ে শেষ হয়।
র্যালিতে এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সচেতন নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
র্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হালিম মণ্ডল বলেন, তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে মাদকের কোনো স্থান নেই।
সমাবেশে আরও বক্তব্য দেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা মো. দুলাল মীর। তিনি বলেন, এলাকা থেকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড দূর করতে সবাইকে সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হতে হবে এবং যুবসমাজকে আলোর পথে ফিরিয়ে আনতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
এ সময় ইয়ারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জসিম মিয়া এবং ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আহসান উল্লাহ ভূঁইয়া বক্তব্য দেন। তারা নিজ নিজ অবস্থান থেকে মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে এলাকার প্রবীণ ব্যক্তিবর্গ, স্থানীয় সমাজসেবক এবং সচেতন মহলের প্রতিনিধিরা উপস্থিত থেকে মাদকবিরোধী এ উদ্যোগের প্রতি সংহতি প্রকাশ করেন।












