আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যদি দক্ষিণাঞ্চলীয় খার্গ দ্বীপ দখলের উদ্দেশ্যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেয়, তাহলে তাদের কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে ইরান।
সোমবার (২০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।
তিনি বলেন, তেহরানের শীর্ষ নেতৃত্বের অনেকেই সম্ভাব্য স্থল অভিযানের খবরের অপেক্ষায় রয়েছেন এবং মার্কিন বাহিনীর যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত।
খার্গ দ্বীপের কৌশলগত গুরুত্ব
ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশ থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপ দেশটির তেল রপ্তানির প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। ইরানের জ্বালানি খাতের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশলগত স্থাপনা।
প্রতিবেদনে বলা হয়েছে, চলমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার খার্গ দ্বীপ দখলের সম্ভাবনা নিয়ে মন্তব্য করেছিলেন। এর জবাবেই তেহরানের পক্ষ থেকে কঠোর অবস্থান জানানো হয়েছে।
‘যেকোনো আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত’
ইসমাইল বাঘেই বলেন, ইরানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
তার ভাষায়, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাবে দেশের সামরিক বাহিনী সব ধরনের সক্ষমতা ব্যবহার করবে এবং জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।
দ্রষ্টব্য: চলমান সংঘাতের প্রেক্ষাপটে উভয় পক্ষের দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: আল জাজিরা












