Home সর্বশেষ সংবাদ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আইন ও আচরণবিধি সংশোধনে বৈঠকে নির্বাচন কমিশন

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আইন ও আচরণবিধি সংশোধনে বৈঠকে নির্বাচন কমিশন

0
105
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আইন ও আচরণবিধি সংশোধনে বৈঠকে নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
প্রকাশিত: ২১ জুলাই ২০২৬

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্ট আইন, বিধিমালা ও নির্বাচনী আচরণবিধি সংশোধনের লক্ষ্যে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অন্য চার নির্বাচন কমিশনার এবং কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ-সংক্রান্ত বিভিন্ন আইন সংশোধনের বিষয়ে সরকারের কাছে সুপারিশ পাঠানোর প্রস্তাব চূড়ান্ত করা হতে পারে।

এছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাবও বৈঠকে পর্যালোচনা করা হচ্ছে। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, নির্বাচনী আচরণবিধির গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে প্রার্থী বা তার নির্বাচনী এজেন্টকে লিখিত আদেশের মাধ্যমে তাৎক্ষণিকভাবে অযোগ্য ঘোষণা করার বিধান রাখা হতে পারে।

নির্বাচনী প্রচারণার সময়সীমা কমানো, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা নিয়ন্ত্রণ এবং মাইক বা উচ্চ শব্দের প্রচারণায় বিধিনিষেধ আরোপের প্রস্তাবও আলোচনায় রয়েছে।

খসড়া সংশোধনীতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তি, ঋণখেলাপি এবং ঋণখেলাপির জামিনদারদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণার প্রস্তাব রাখা হয়েছে। তবে এসব বিষয়ে কমিশনের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়া প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ানো এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে ভোটারের ১ শতাংশ স্বাক্ষর সংগ্রহের বিদ্যমান শর্ত বাতিলের সুপারিশও বিবেচনায় রয়েছে।

তথ্যসূত্র: নির্বাচন কমিশন (ইসি) সূত্র, ২১ জুলাই ২০২৬।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here