Home অন্যান্য শিক্ষা জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

0
5
জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ক্যাম্পাস ডেস্ক | বিডি ভিউজ বাংলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— মো. ফজলে হাসান ফাহাদ, মো. আল-আমিন হোসাইন, মো. তানভীর হাসান, মো. ফয়সাল আহমেদ, মো. মাহমুদুল হাসান খান আবির, মো. মাহমুদ আমিন সিয়াম, মো. মোশফিকুর রহমান এবং সৈয়দ সাকিব আহমেদ রাফু। তারা সবাই পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২৪-২৫) শিক্ষার্থী।

অফিস আদেশে বলা হয়েছে, গত ২০ জুলাই রাত ১০টা থেকে ১টা পর্যন্ত অভিযুক্ত শিক্ষার্থীরা একই বিভাগের ৫৫তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২৫-২৬) নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের পাশের একটি কক্ষে নিয়ে মানসিক নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন করেন।

পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৫(৬) ধারা অনুযায়ী, হল, বিভাগ বা ক্যাম্পাসের অভ্যন্তরে টিজিং, র‍্যাগিং বা যেকোনো ধরনের নির্যাতনমূলক কর্মকাণ্ড কঠোরভাবে নিষিদ্ধ। এ বিধান লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here