স্টাফ রিপোর্টার | বিডি ভিউজ বাংলা
প্রকাশিত: ২২ জুলাই ২০২৬
সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (২১ জুলাই) রাত থেকে ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক তরুণীর সঙ্গে একটি কক্ষে ঘনিষ্ঠভাবে বসে থাকতে দেখা যায় গাজী নজরুল ইসলামকে। তবে ভিডিওটি নিয়ে ওঠা অভিযোগ অস্বীকার করে এটিকে পরিকল্পিত ষড়যন্ত্র ও অপপ্রচার বলে দাবি করেছেন তিনি।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে গাজী নজরুল ইসলাম জানান, গত ১৩ জুলাই তিনি তার প্রথম স্ত্রী মাকছুদা বেগম এবং দ্বিতীয় স্ত্রী মরিয়াম বেগমকে নিয়ে রাজধানীর মগবাজারে দ্বিতীয় স্ত্রীর বাবা মো. মাসুম বিল্লাহর ব্যবসায়িক অফিসে যান।
তার দাবি, সেখানে অবস্থানকালে তার গাড়িচালক ও দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ কয়েকজন অপরিচিত ব্যক্তিকে নিয়ে কক্ষে প্রবেশ করেন। তারা তাদের জিম্মি করে অর্থ আদায় করেন এবং পরে আরও অর্থ দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
এমপি নজরুল ইসলামের ভাষ্য, দ্বিতীয় স্ত্রীর বাবার সঙ্গে ওবায়দুল্লাহর পূর্বের পারিবারিক বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটানো হয়েছে। তিনি অভিযোগ করেন, স্বামী-স্ত্রীর ব্যক্তিগত মুহূর্ত গোপনে ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং সেটিকে বিবাহবহির্ভূত সম্পর্ক হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও দাবি করেন, গত ১৭ জুন পারিবারিকভাবে এবং প্রথম স্ত্রীর সম্মতিতে মরিয়াম বেগমকে তিনি দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেছেন। তাই প্রচারিত তথ্যকে তিনি মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত, নিরপেক্ষ তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন গাজী নজরুল ইসলাম।
উল্লেখ্য, ভিডিওটির সত্যতা বা এর প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: দৈনিক ইত্তেফাক, এমপি গাজী নজরুল ইসলামের ফেসবুক বিবৃতি।










