স্টাফ রিপোর্টার | BD VIEWS BANGLA
প্রকাশিত: ২১ জুলাই ২০২৬
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় রাজপথে অনুপস্থিত থাকা কিছু গোষ্ঠী ৫ আগস্টের পর নিজেদের আন্দোলনের দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্য অটুট রেখে জনগণের প্রত্যাশা পূরণে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর নেতাদের সম্মানে আয়োজিত শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমরা অতীতে একসঙ্গে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও একসঙ্গেই থাকব। আপনাদের ছেড়ে যাওয়ার কোনো যুক্তি নেই। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি বলেন, মতপার্থক্য থাকলেও তা বিভেদের কারণ হওয়া উচিত নয়। জনগণের প্রত্যাশা পূরণে ধৈর্য ও পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই।
একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, “আমরা আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলাম। অথচ আজ অনেকেই সেই আন্দোলনের দাবিদার হতে চায়। নাম বলতে চাই না, তবে ‘গুপ্ত’ শব্দটি ব্যবহার করলেই মানুষ তাদের চিনে।”
তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় যাদের দেখা যায়নি, তারা ৫ আগস্টের পর ধীরে ধীরে আত্মপ্রকাশ করেছে। দেশের মানুষের আস্থা ধরে রাখতে এসব ‘গুপ্ত’ শক্তির হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।
রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোই স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় জনগণের সামনে সংস্কারের রূপরেখা তুলে ধরেছিল। জনগণ সেই কর্মসূচির পক্ষেই রায় দিয়েছে এবং এখন এটি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে।
তিনি বলেন, “৩১ দফা আমরা সবাই মিলে প্রণয়ন করেছি। তাই এর বাস্তবায়নেও সমমনা রাজনৈতিক শক্তিগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।”
সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি, জ্বালানি, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাত সংকটাপন্ন অবস্থায় ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সীমাবদ্ধতার মধ্যেও সরকার মানুষের স্বস্তি ফেরাতে কাজ করছে এবং জনগণ ইতোমধ্যে তার সুফল পেতে শুরু করেছে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বিভিন্ন শরিক রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে নৈশভোজে অংশ নেন।










