বিডি ভিউজ বাংলা নিউজ ডেস্ক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন শুরু করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এর ফলে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকাকালীন সংসদে স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার।
শুক্রবার বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এ তথ্য জানান।
তিনি বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর কাছে পদত্যাগপত্র দাখিল করেছেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। পদত্যাগপত্র গ্রহণের পর তা জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সংসদে স্পিকারের দায়িত্ব কে পালন করবেন—এ প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন আহমদ বলেন, স্পিকার হিসেবে শপথ নেওয়ার সময়ই প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথও অন্তর্ভুক্ত ছিল।
তিনি আরও বলেন, একইভাবে ডেপুটি স্পিকার দায়িত্ব গ্রহণের সময় শপথের অংশ হিসেবেই উল্লেখ থাকে যে, কোনো কারণে স্পিকারের পদ শূন্য হলে বা স্পিকার দায়িত্ব পালনে অনুপস্থিত থাকলে ডেপুটি স্পিকার স্পিকারের দায়িত্ব পালন করবেন।
রাষ্ট্রপতির পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকবেন ডেপুটি স্পিকার।











