সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তের আবেদন জানিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদ পার্টির পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগটি দাখিল করা হয়।
অভিযোগের বিষয়ে অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রের তিন বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও মো. সাহাবুদ্দিন প্রয়োজনীয় পদক্ষেপ নেননি। অভিযোগে আরও বলা হয়, ৫ আগস্ট পর্যন্ত গুম, হত্যাকাণ্ড ও কথিত ‘আয়নাঘর’-সংক্রান্ত বিভিন্ন ঘটনার বিরুদ্ধেও তিনি প্রকাশ্যে কোনো প্রতিবাদ জানাননি।
এদিন ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে বাংলাদেশ আজাদ পার্টির নেতারা বলেন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের সহিংসতা, গুম ও খুনসহ বিভিন্ন আলোচিত ঘটনার সময় আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপ্রধানের দায়িত্বে ছিলেন। তাদের দাবি, আন্তর্জাতিক আইনের ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’ (Superior Responsibility) নীতিমতে নির্দিষ্ট পরিস্থিতিতে দায়িত্বশীল সর্বোচ্চ কর্তৃপক্ষও জবাবদিহির আওতায় আসতে পারেন।
অভিযোগে বলা হয়েছে, রাষ্ট্রপ্রধান ও তিন বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে তারা অভিযোগ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেননি; বরং তৎকালীন সরকারকে সহযোগিতা ও সুরক্ষা দিয়েছেন। এ কারণে তাদের বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত বলে আবেদনকারীরা দাবি করেছেন।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের সময় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করার অভিযোগ এনে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথক আরেকটি অভিযোগ দায়ের করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম।
উল্লেখ্য, এসব অভিযোগ বর্তমানে তদন্তের আবেদন হিসেবে দাখিল হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখনো অভিযোগগুলোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা রায় দেয়নি এবং অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি।












