নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং শ্রেণিকক্ষের শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২৬ জুলাই ২০২৬ জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ।
পরিপত্রে বলা হয়, শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনের প্রতি আসক্তি উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা তাদের পড়াশোনার পরিবেশ ও মনোযোগে নেতিবাচক প্রভাব ফেলছে। এ কারণে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনের স্বার্থে শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা প্রয়োজন।
নির্দেশনায় আরও বলা হয়েছে, শ্রেণিকক্ষে শিক্ষকরা মোবাইল ফোন ব্যবহার করলে পাঠদানে বিঘ্ন ঘটে এবং শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হয়। তাই ক্লাস চলাকালে শিক্ষকদেরও মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ইউএনও রুম্পা ঘোষ গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তোলা এবং শিক্ষার পরিবেশ উন্নত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।












