চুয়াডাঙ্গা প্রতিনিধি | বিডি ভিউজ বাংলা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক প্রবাসীর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় চলে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে দ্বিতীয় স্ত্রীর স্বজনরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের।
রোববার (২ আগস্ট) সকালে উপজেলার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খেজুরতলা গ্রামের মৃত রমজান আলির ছেলে রফিউদ্দিন প্রথমে একই গ্রামের সহিদুল ইসলামের মেয়ে ছনিয়া খাতুনকে বিয়ে করেন। দীর্ঘদিন মালয়েশিয়ায় থাকার সময় তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়।
স্থানীয়দের দাবি, একপর্যায়ে ছনিয়া খাতুন এক ইতালিপ্রবাসীর সঙ্গে চলে যান। পরে বিষয়টি স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে নিষ্পত্তি হয়।
এরপর দেশে ফিরে রফিউদ্দিন একই গ্রামের মুকুল হোসেনের মেয়ে রিমা খাতুনকে বিয়ে করেন। প্রায় এক বছর সংসার করার পর তিনি আবার প্রথম স্ত্রী ছনিয়া খাতুনের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন এবং তাকে নিয়ে মালয়েশিয়ায় চলে যান বলে স্থানীয়রা জানান।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দ্বিতীয় স্ত্রী রিমা খাতুনের স্বজনরা রোববার সকাল ১০টার দিকে বুলডোজার নিয়ে রফিউদ্দিনের বাড়িতে গিয়ে ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে।
নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মেম্বার বলেন, “রিমা খাতুনের সঙ্গে এমন আচরণ করা ঠিক হয়নি। তবে ক্ষোভের বশে বাড়ি ভাঙচুর না করে আইনের আশ্রয় নেওয়া উচিত ছিল।”
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাঈল জানান, পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












