ন্যাশনাল নিউজডেস্ক | বিডি ভিউজ বাংলা
বগুড়ার শেরপুরে ঢাকা–বগুড়া মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।
রোববার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছোনকা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জয়পুরহাট থেকে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের বাসের চালকের সহকারী নয়ন (৩৮)। তিনি নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামের বাসিন্দা। অপর নিহত মাসুদুর রহমান (৩৮) একই উপজেলার চানপুরি গ্রামের বাসিন্দা এবং পেশায় কাঁচামাল ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ছোনকা বাজার এলাকায় একটি ট্রাক বিকল হয়ে মহাসড়কের ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় জয়পুরহাট থেকে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই বাসের চালকের সহকারী নয়ন ও এক যাত্রী মাসুদুর রহমান মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কারণে বাসটি সামনে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাককে নিয়ন্ত্রণ করতে পারেনি।
তিনি বলেন, দুর্ঘটনার পর বাস ও ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।












