Home জাতীয় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো সরকারের নির্দেশনা পায়নি ইসি: সিনিয়র সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো সরকারের নির্দেশনা পায়নি ইসি: সিনিয়র সচিব

0
5
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো সরকারের নির্দেশনা পায়নি ইসি: সিনিয়র সচিব

বিডি ভিউজ বাংলা | জাতীয় ডেস্ক

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সুস্পষ্ট নির্দেশনা পায়নি নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ। তবে নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে কোনো ধীরগতি নেই বলেও তিনি জানিয়েছেন।

সোমবার (৩ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি কমিশনের পক্ষ থেকে চলমান রয়েছে।

আইন সংশোধনের প্রস্তাব প্রস্তুত

ইসি সচিব জানান, স্থানীয় সরকার নির্বাচন-সংক্রান্ত আইনের কিছু সংশোধনী প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞা স্পষ্ট করা, দ্বৈত নাগরিকত্ব এবং ঋণখেলাপি-সংক্রান্ত বিধান। নির্বাচন কমিশনাররা দেশে ফেরার পর এসব প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে।

নির্বাচনে প্রয়োজন প্রায় তিন মাস প্রস্তুতি

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, তফসিল ঘোষণার পর ভোট গ্রহণ পর্যন্ত সাধারণত ৪৫ দিন সময় লাগে। এছাড়া ভোটার তালিকা চূড়ান্ত ও মুদ্রণ করতে আরও প্রায় দেড় মাস প্রয়োজন হয়। সব মিলিয়ে একটি নির্বাচন আয়োজনের জন্য প্রায় তিন মাসের প্রস্তুতি দরকার।

তিনি বলেন, নির্বাচন কবে হবে—সেপ্টেম্বর, অক্টোবর বা ডিসেম্বর—এ বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রস্তুতিতে নেই ধীরগতি

ইসি সচিবের ভাষ্য, নির্বাচন আয়োজনের প্রস্তুতির তিনটি প্রধান ধাপ হলো—আইন ও বিধিমালা, প্রয়োজনীয় সরঞ্জাম এবং নির্বাচন পরিচালনাকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ।

তিনি জানান, আচরণবিধির খসড়া প্রস্তুত হয়েছে, প্রয়োজনীয় ইকুইপমেন্ট ও ভোটকেন্দ্র প্রস্তুত রয়েছে এবং মাস্টার ট্রেইনার তৈরির মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব

আখতার আহমেদ জানান, নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। বাকি ৫৮টি দলের মধ্যে ৩৮টি দল নির্ধারিত সময়ের মধ্যে আয়-ব্যয়ের অডিট রিপোর্ট জমা দিয়েছে। ১৩টি দল সময় বৃদ্ধির আবেদন করেছে এবং ৮টি দল কোনো সাড়া দেয়নি। আইন অনুযায়ী তাদের নোটিশ দেওয়া হবে।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও প্রস্তুতি

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এখনো তফসিল ঘোষণা হয়নি। ভোটার তালিকা চেয়ে সংসদ সচিবালয়ে চিঠি পাঠানো হয়েছে। তালিকা পাওয়ার পর তফসিল ঘোষণা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্র: নির্বাচন কমিশন (ইসি)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here