বিডি ভিউজ বাংলা | জাতীয় ডেস্ক
অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক, উদ্ধারকাজ ও রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে তীব্র, কর্কশ ও বিকট শব্দের হর্ন বা হুটার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সম্প্রতি প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি-৮১ অনুযায়ী এ নির্দেশনা জারি করা হয়।
বিআরটিএ জানিয়েছে, অননুমোদিত হর্ন, হাইড্রোলিক হর্ন ও হুটারের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এসব যন্ত্র চালকদের বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে উৎসাহিত করে, ফলে সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়। পাশাপাশি এগুলো জনদুর্ভোগ ও শব্দদূষণের কারণ হয়ে দাঁড়ায়, যা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
নির্দেশনায় বলা হয়েছে, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, উদ্ধারকাজ ও রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া অন্য সব মোটরযানে বহুমুখী হর্ন, হাইড্রোলিক হর্ন, হুটার বা ভীতিকর শব্দ সৃষ্টি করে এমন যন্ত্র স্থাপন ও ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
বিআরটিএ সতর্ক করেছে, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)












