ন্যাশনাল নিউজ ডেস্ক।বিডি ভিউজ বাংলা
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ছয়টি মামলার রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আলোচিত এসব মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের বিচার নিশ্চিত করার যে প্রতিশ্রুতি নিয়ে ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়েছিল, ছয়টি রায়ের মাধ্যমে সেই প্রতিশ্রুতির বড় অংশ বাস্তবায়িত হয়েছে।
তিনি বলেন, দেশের অন্যান্য আদালতের তুলনায় তুলনামূলক কম সময়ে অত্যন্ত স্পর্শকাতর এসব মামলার বিচার সম্পন্ন করা হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে এবং সেগুলোর বিচারও গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে।
প্রথম রায়: শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড
২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেয়।
একই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, যিনি রাষ্ট্রপক্ষের সাক্ষী (রাজসাক্ষী) হন, তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রায়ে দণ্ডপ্রাপ্তদের সম্পদ বাজেয়াপ্ত এবং শহীদ পরিবারের সদস্য ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়।
দ্বিতীয় রায়: চানখাঁরপুল হত্যাকাণ্ডে তিন পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড
২০২৬ সালের ২৬ জানুয়ারি রাজধানীর চানখাঁরপুলে ছয়জন নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেয়।
এ ছাড়া পাঁচ পুলিশ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
তৃতীয় রায়: আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ছয়জনের মৃত্যুদণ্ড
২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানো এবং একজনকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ ছয়জনকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
চতুর্থ রায়: আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া মামলার অন্য ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
পঞ্চম রায়: রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলির ঘটনায়
রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করে হত্যা এবং আরও দুইজনকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিনজনকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন এবং একজনকে ২০ বছরের কারাদণ্ড দেয়।
ষষ্ঠ রায়: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
একই সঙ্গে দুটি অভিযোগে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বিচার কার্যক্রম অব্যাহত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান এবং আওয়ামী লীগ সরকারের সময়ের গুম, খুনসহ মানবতাবিরোধী অপরাধের আরও বেশ কয়েকটি মামলার বিচার বর্তমানে চলমান রয়েছে।
রাষ্ট্রপক্ষের আশা, পর্যায়ক্রমে সব মামলার বিচার সম্পন্ন করা সম্ভব হবে।
সূত্র: বাসস












