আন্তর্জাতিক নিউজ ডেস্ক ।বিডি ভিউজ বাংলা
হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে ইরান। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিন শেষে এ বিষয়ে চুক্তি ঘোষণা হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সূত্রের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং উভয় পক্ষ একটি সমঝোতায় পৌঁছানোর খুব কাছাকাছি রয়েছে। তবে চূড়ান্ত ঘোষণার আগে একটি বা দুটি বিষয়ে সমাধান প্রয়োজন।
প্রতিবেদনে বলা হয়, এসব বিষয় খুব জটিল নয় এবং দ্রুত সমাধান সম্ভব বলে মনে করা হচ্ছে।
আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ ও নৌযান চলাচলের পথ নির্ধারণ। বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে উভয় পক্ষ নীতিগতভাবে একমত হয়েছে।
এখন জাহাজ ও নৌযান চলাচলের জন্য নির্ধারিত নতুন রুটের ভৌগোলিক স্থানাঙ্ক চূড়ান্ত করার কাজ চলছে।
তবে হরমুজ প্রণালি নিয়ে আরও কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের প্রস্তাবিত টোল আরোপের বিষয়টিও।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি তেল ও পণ্য পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলের যেকোনো চুক্তি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
সূত্র: আল জাজিরা












